সোমবার ● ৬ জুলাই ২০২৬
নিম্নচাপে পরিণত লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
হোম » খুলনা » নিম্নচাপে পরিণত লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ আবহাওয়ার কারণে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মোংলায় গত তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন কবীর জানান, বর্তমানে বন্দরে মোট আটটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি গ্যাসবাহী, একটি ক্লিংকার, একটি চাল, একটি স্লাগ, দুটি সার এবং একটি কয়লাবাহী জাহাজ রয়েছে।
টানা বৃষ্টিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছেন। উপকূলের আকাশ এখনও ঘন মেঘে ঢাকা রয়েছে। এদিকে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বঙ্গোপসাগর বিক্ষুব্ধ থাকায় বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১২:০৭:১০ ● ২৬ বার পঠিত
