
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার অভিযোগে চারজনকে আটক করেছে বন বিভাগ। শনিবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা এলাকার ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জমাদ্দার (৩৩) ও রুহুল জমাদ্দার (৩৫)।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই স্টেশন ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনকর্মীরা মৃগামারী খাল এলাকায় যৌথ টহল পরিচালনা করছিলেন। এ সময় একটি ডিঙ্গি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বনকর্মীরা সেটিকে থামানোর সংকেত দেন।
সংকেত পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চাঁদপাই স্টেশনের টহল দল স্পিডবোট ও ট্রলার নিয়ে ধাওয়া করে। পরে নৌকাসহ চারজনকে আটক করা হয়।
আটকের পর নৌকাটি তল্লাশি করে ৩০০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ, ১০৫ কেজি জীবিত কাঁকড়া, মাছ ধরার ৫০টি নিষিদ্ধ চারু, তিনটি পানির ড্রাম, একটি দা ও একটি করাত জব্দ করা হয়।
দ্বীপন চন্দ্র দাস বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।