
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সারাদেশে একযোগে নজরুল বর্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বরগুনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্যকর্ম, সংগীত এবং মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় কবি নজরুলের আদর্শ জাতীয় জীবনে আরও ব্যাপকভাবে ধারণ ও চর্চার আহ্বান জানানো হয়। পাশাপাশি তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিসরে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় বক্তারা জানান, নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির জীবন ও কর্মকে নতুনভাবে তুলে ধরা হবে।