
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় তার স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোক্তার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে আফজুন বেগমের সঙ্গে মোক্তার হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। একপর্যায়ে মোক্তার হোসেন তার ছোট শ্যালিকার প্রতি অশোভন আচরণ ও ইঙ্গিত করতেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আফজুন বেগম প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর তাকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হতো এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন দিবাগত রাতে নিজ ঘরে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন মোক্তার হোসেন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন। এসব বিবেচনায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।