লালমোহনে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ২

হোম » ভোলা » লালমোহনে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ২
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, লালমোহন (ভোলা)

 

ভোলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শনিরবোল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত দুজনও তার সহপাঠী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে নয়ন ও তার দুই সহপাঠীর ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থীর মরদেহ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত দুজনকে বরিশালে রেফার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ