বুধবার ● ১ জুলাই ২০২৬

দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় মাঠ মহড়া

হোম » বরগুনা » দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় মাঠ মহড়া
বুধবার ● ১ জুলাই ২০২৬


দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় মাঠ মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়কালীন আগাম সতর্কবার্তা প্রচারের বিষয়ে জনসাধারণকে সচেতন করতে বরগুনায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা সদর উপজেলার আয়োজনে জিলা স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সংকেত, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং দুর্যোগকালে জানমাল রক্ষার বিভিন্ন কৌশল ও সংকেত সম্পর্কে প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, উপকূলীয় জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। সিপিপি বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মেছপা উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক।
প্রায় ৪০ মিনিটব্যাপী অনুষ্ঠিত মহড়াটি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপভোগ করেন। মহড়ার প্রশিক্ষক ছিলেন সিপিপি বরগুনা পৌরসভা ৩ নম্বর ইউনিট টিম লিডার জয়দেব রায়, পটুয়াখালীর কলাপাড়া সিপিপি স্টেশনের রেডিও অপারেটর মো. শহিদুল ইসলাম এবং বরগুনার আমতলী সিপিপি স্টেশনের রেডিও অপারেটর মো. সুমন।
সিপিপি সূত্রে জানা যায়, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক রেডক্রসের সহায়তায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার কর্মসূচিটির অনুমোদন দেয়।
বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত সিপিপি উপকূলীয় ৪২টি উপজেলায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, সংকেত প্রদর্শন, উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৮ ● ১৭ বার পঠিত