মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

বরগুনায় শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ

হোম » বরগুনা » বরগুনায় শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


বরগুনায় শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে আম্রপালি আমগাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি।

মঙ্গলবার (৩০ জুন) বরগুনা জিলা স্কুল ও এভারগ্রীন পাবলিক মডেল স্কুলে আয়োজিত এ কর্মসূচিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন করে মোট ২০০ শিক্ষার্থীর হাতে উন্নত মানের আম্রপালি আমগাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জিল্লুর রহমান। এছাড়া উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাকখারুল ইসলাম বলেন, প্রতিটি আমগাছ এক একটি অক্সিজেন ফ্যাক্টরি। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও যত্ন নিতে হবে। আজকের এই ছোট্ট উদ্যোগই আগামী দিনে একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অগ্রদূত। একটি গাছ শুধু ফলই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যদি আজ একটি গাছ রোপণ করে যত্ন নেয়, তবে সেটিই আগামী দিনের একটি মূল্যবান সম্পদ হয়ে উঠবে।

প্রধান অতিথি কৃষিবিদ জিল্লুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। আম্রপালি আমগাছ রোপণের উপযুক্ত পদ্ধতি, নিয়মিত পরিচর্যা, সেচ, সার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধ সম্পর্কে সচেতন হলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং ভবিষ্যতে ভালো ফলন দেবে।

তিনি শিক্ষার্থীদের প্রতিটি চারা আন্তরিকতার সঙ্গে লালন-পালনের পরামর্শ দেন।

ব্র্যাকের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাকখারুল ইসলাম, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার অমর কুমার ঘোষ, উপজেলা ম্যানেজার প্রণয় কান্তি দাস এবং শিক্ষাতরীর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫০ ● ২০ বার পঠিত