মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
কৃষি প্রণোদনা ও ফল উৎসব উদ্বোধন, চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
হোম » কৃষি » কৃষি প্রণোদনা ও ফল উৎসব উদ্বোধন, চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, বৃক্ষের চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে উপজেলা পর্যায়ে ফল উৎসব ও ফল মেলারও উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার এবং প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণও সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কায়সার আহমেদ কমল ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন।
অন্যদিকে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে চরফ্যাশনে দিনব্যাপী ফল উৎসব ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ইউএনও রুমানা আফরোজ।
কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করা এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
মেলায় প্রায় ১০টি স্টলে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৮:১৯ ● ১২ বার পঠিত
