সোমবার ● ২৯ জুন ২০২৬

গবেষণাভিত্তিক প্রশাসন গঠনে রাজউকের মহাখালী জোনে সেমিনার

হোম » জাতীয় » গবেষণাভিত্তিক প্রশাসন গঠনে রাজউকের মহাখালী জোনে সেমিনার
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

গবেষণাভিত্তিক প্রশাসন গঠনে রাজউকের মহাখালী জোনে সেমিনার

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

 

গবেষণাভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জ্ঞানভিত্তিক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মহাখালীস্থ জোন-৭ পরিচালকের কার্যালয়ে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) আয়োজিত এ সেমিনারে নগর উন্নয়ন, ডিজিটাল সেবা এবং ভবন নির্মাণ বিধিমালা বিষয়ক দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

 

জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন-৭-এর পরিচালক মো. মাইনুল আবেদীন (উপসচিব)। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ জোন-৭-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে ‘টু ইভ্যালুয়েট দ্য ইফেকটিভনেস অব ইলেকট্রনিক সিস্টেম (ইসিপিএস) অব রাজউক’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন জোন-৭/২-এর সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান। গবেষণাপত্রে রাজউকের ইলেকট্রনিক সিস্টেমের কার্যকারিতা, সেবার মানোন্নয়ন এবং ডিজিটাল সেবার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়।

 

এ ছাড়া ‘এ কমপারেটিভ স্টাডি অব দ্য ঢাকা মেট্রোপলিটন বিল্ডিং কনস্ট্রাকশন রেগুলেশনস ২০০৮ অ্যান্ড ২০২৫’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন জোন-৭/১-এর সহকারী অথরাইজড অফিসার মেহেদী হাসান শাকিল। গবেষণাপত্রে ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা ২০০৮ ও ২০২৫-এর বিভিন্ন পরিবর্তন, বৈশিষ্ট্য এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় তুলনামূলকভাবে তুলে ধরা হয়।

 

সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্র দুটি নিয়ে উপস্থিত কর্মকর্তারা গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করেন। বক্তারা বলেন, এ ধরনের গবেষণামূলক উদ্যোগ রাজউকের সেবার মানোন্নয়ন, নীতিনির্ধারণ এবং দক্ষ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের শেষে গবেষণাপত্র উপস্থাপনকারী দুই কর্মকর্তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪১ ● ১৬ বার পঠিত