সোমবার ● ২৯ জুন ২০২৬

গৌরনদীতে রাতের আঁধারে কলাগাছ কেটে সাবাড়ের অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীতে রাতের আঁধারে কলাগাছ কেটে সাবাড়ের অভিযোগ
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

গৌরনদীতে রাতের আঁধারে কলাগাছ কেটে সাবাড়ের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক গৌরনদী (বরিশাল) 

বরিশালের গৌরনদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানের অন্তত ৮০টি ছোট-বড় কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে বাগান মালিকের অর্ধলক্ষাধিক টাকার ক্ষতির দাবি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগকারী দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান জানান, গোবর্ধন বকুলতলা মসজিদসংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে তিনি শতাধিক কলাগাছের একটি বাগান গড়ে তোলেন। সম্প্রতি গাছগুলোতে মোচা বের হওয়ার সময় হওয়ায় ভালো ফলনের আশা করেছিলেন তিনি।

সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, ছোট-বড় অন্তত ৮০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। তার অভিযোগ, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে রেখে যায়।

মোহাম্মদ কামরুজ্জান বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ রয়েছে। এর আগেও ওই পক্ষ জোরপূর্বক তার পুকুরের মাছ ধরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে মানুষের এমন শত্রুতা কেমন করে হতে পারে? যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩২ ● ৪১ বার পঠিত