সোমবার ● ২৯ জুন ২০২৬

দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

হোম » লিড নিউজ » দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলপথ চালু এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নসংক্রান্ত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তোলা হয়।

 

বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ককে ৬ লেনে উন্নীত করার প্রকল্পে এখনো প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। ফলে দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছেন।

 

তারা জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪১ ● ২০ বার পঠিত