রবিবার ● ২৮ জুন ২০২৬
কলাপাড়ায় পাউবোর বেড়িবাঁধ পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পাউবোর বেড়িবাঁধ পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন একটি বেড়িবাঁধ সড়ক পুনর্নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত পরিমাণ মাটি ব্যবহার না করেই কাজ সম্পন্ন দেখানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের সড়কটির পুনর্নির্মাণকাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। দীর্ঘদিনের জনদাবির পর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পে যে পরিমাণ মাটি ব্যবহারের কথা ছিল, বাস্তবে তার তুলনায় অনেক কম মাটি ফেলা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান খেয়ালখুশিমতো কাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একাধিক বাসিন্দা জানান, সরকারি জায়গায় পর্যাপ্ত মাটি না থাকায় অনেকেই নিজেদের রেকর্ডভুক্ত জমি থেকে মাটি দিয়েছেন। আবার কয়েকটি স্থানে চলাচলের পথ কেটে মাটি নেওয়ায় সেসব পথ এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রকল্প বাস্তবায়নের সময় একাধিক বসতবাড়ি ও দোকান অপসারণ করা হলেও প্রত্যাশিত মানের সড়ক নির্মাণ হয়নি।
তারা আরও অভিযোগ করেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ঘনিয়ে এলেও এখনো অনেক অংশে কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী হয়েছে কি না, তা যাচাই করা হবে।
তিনি বলেন, যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুরই বিল পরিশোধ করা হবে। কাজ পুরোপুরি শেষ না হলে এবং মান সন্তোষজনক না হলে চূড়ান্ত বিল দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৫৭ ● ১৭ বার পঠিত
