রবিবার ● ২৮ জুন ২০২৬

কলাপাড়ায় হামলার শিকার, শেবাচিমে চিকিৎসাধীন আজকের পত্রিকার সাংবাদিক

হোম » গণমাধ্যম » কলাপাড়ায় হামলার শিকার, শেবাচিমে চিকিৎসাধীন আজকের পত্রিকার সাংবাদিক
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

কলাপাড়ায় হামলার শিকার, শেবাচিমে চিকিৎসাধীন আজকের পত্রিকার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জের ধরে হামলার শিকার দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন (৪০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের মাছ বাজারসংলগ্ন সদর রোড এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আহত অবস্থায় মোয়াজ্জেম হোসেনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

মোয়াজ্জেম হোসেন দৈনিক আজকের পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি এবং উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোয়াজ্জেম হোসেন বলেন, আমি বর্তমানে চিকিৎসাধীন আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিএনপি ও প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাত ৮টার দিকে তিনি একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ৭ থেকে ৮ জন তাঁর ওপর দুই দফা অতর্কিত হামলা চালায়।

 

মোয়াজ্জেম হোসেনের দাবি, গত ২১ জুন শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় তাঁর বোনের বসতবাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।

 

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনার খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সঙ্গে যোগাযোগ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নিতে শনিবার রাতেই উপজেলা বিএনপির সভা শেষে জেলা ছাত্রদলকে বলা হয়েছে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৬ ● ২৭ বার পঠিত