শনিবার ● ২৭ জুন ২০২৬

ভারত থেকে চাল আমদানির শেষ চালান মোংলা বন্দরে

হোম » জাতীয় » ভারত থেকে চাল আমদানির শেষ চালান মোংলা বন্দরে
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

ভারত থেকে চাল আমদানির শেষ চালান মোংলা বন্দরে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী আমদানিকৃত চালের তৃতীয় প্যাকেজের শেষ চালান মোংলা বন্দরে পৌঁছেছে। ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পু থান-৩৬’ জাহাজটি বন্দরে নোঙর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

 

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের শেষ চালান। মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছিল। শুক্রবার (২৬ জুন) রাতে জাহাজটি বন্দরে পৌঁছায়। শনিবার (২৭ জুন) সকালে চালের ভৌত পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার কার্যক্রম শেষে আগামীকাল রোববার (২৮ জুন) বিকেল থেকে চাল খালাস শুরু হবে।

 

তিনি আরও জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে চাল আমদানির যে চুক্তি হয়েছে, তার আওতায় পর্যায়ক্রমে চালবাহী জাহাজগুলো মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে চুক্তির সব চাল বন্দরে পৌঁছেছে। খালাস শেষে এসব চাল নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

 

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ভারতের চালের প্রথম চালান মোংলা বন্দরে পৌঁছায়। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পু থান-৩৬’ জাহাজেই সেই চালান আনা হয়েছিল।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে চাল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী মোট চালের ৪০ শতাংশ মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩৩ ● ২১ বার পঠিত