শনিবার ● ২৭ জুন ২০২৬
টিকটকে পরিচয়, বিয়ের পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্বামীর বিরুদ্ধে অভিযোগ
হোম » খুলনা » টিকটকে পরিচয়, বিয়ের পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্বামীর বিরুদ্ধে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মোল্লাহাট (বাগেরহাট)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ে করা এক নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে স্বামী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রতিকার দাবি করেছেন।
ভুক্তভোগী খাদিজার অভিযোগ, এক বছর আগে কর্মসূত্রে ঢাকায় অবস্থানকালে টিকটকের মাধ্যমে ঘোষগাতী গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে ঈসা রুহুল্লার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
খাদিজা বলেন, বিয়ের পর প্রায় ছয় মাস আমরা ঢাকায় সংসার করেছি। এ সময় ঈসা কৌশলে আমার স্বর্ণালংকার ও নগদ টাকা নিজের কাছে রেখে একপর্যায়ে পালিয়ে যায়। এরপর দীর্ঘদিন তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি।
তিনি আরও বলেন, স্বামীর গ্রামের ঠিকানা সংগ্রহ করে প্রায় এক মাস আগে ঘোষগাতী গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছি। সেখানে যাওয়ার পর থেকে শাশুড়ি ও ননদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। গত মঙ্গলবার আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা তার পাশে দাঁড়িয়েছেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আদম শেখ এ প্রতিবেদককে বলেন, একটি মেয়ে পরিবার ও ধর্ম ত্যাগ করে এখানে এসেছে। তার সরলতার সুযোগ নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ঈসা রুহুল্লা বা তার পরিবারের সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:২২:২১ ● ২৬ বার পঠিত
