বুধবার ● ২৪ জুন ২০২৬
ভোলায় আদালতের এজলাসে দাড়িয়ে রায় শুনেই নারীর বিষপান
হোম » ভোলা » ভোলায় আদালতের এজলাসে দাড়িয়ে রায় শুনেই নারীর বিষপান
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলায় আদালতের আদেশ ভুল বোঝার পর এজলাসে দাঁড়িয়েই বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী। বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।
তারাভানুর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী বাহার উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা একটি সিআর মামলার বাদী তিনি।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন জানান, বুধবার মামলাটির শুনানি চলাকালে হঠাৎ এজলাসের ভেতরে ব্যাগ থেকে তরলজাতীয় একটি পদার্থ বের করে পান করেন তারাভানু। পরে আদালতে উপস্থিত ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, সেদিন মামলাটির চার্জ গঠনের শুনানি ছিল। বিচারক এক নম্বর আসামি বাহার উদ্দিনকে মামলায় রেখে অপর দুই আসামিকে অব্যাহতি দেন। তবে বাদী ভুলবশত মনে করেন, তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সেই ভুল ধারণা থেকেই তিনি বিষপান করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জুনায়েদ হোসেন জানান, প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৬:১২ ● ২৩ বার পঠিত
