বুধবার ● ২৪ জুন ২০২৬

গভীর রাতে গোয়ালঘর থেকে ১০ গরু চুরি, সর্বস্ব হারিয়ে খামারির আহাজারি

হোম » বরিশাল » গভীর রাতে গোয়ালঘর থেকে ১০ গরু চুরি, সর্বস্ব হারিয়ে খামারির আহাজারি
বুধবার ● ২৪ জুন ২০২৬


 

গভীর রাতে গোয়ালঘর থেকে ১০ গরু চুরি, সর্বস্ব হারিয়ে খামারির আহাজারি

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের রুকুন্দির চরে গভীর রাতে একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৭০ বছর বয়সী খামারি মোকলেস হাওলাদার সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

 

ভুক্তভোগী মোকলেস হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চোরেরা তার খামারে প্রবেশ করে গোয়ালঘরে থাকা ১৩টি গরুর মধ্যে ১০টি চুরি করে নিয়ে যায়। বাকি তিনটি গরু গোয়ালঘরেই ছিল। বুধবার সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান।

 

কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে বলেন, এই গরুগুলোই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। ছেলে মারা যাওয়ার পর গরু লালন-পালন করে বিক্রি করে কোনোরকমে সংসার চালিয়ে আসছিলাম। এখন সব শেষ হয়ে গেল।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করছেন মোকলেস হাওলাদার। কয়েক বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে মারা যাওয়ার পর পরিবারে আর্থিক সংকট নেমে আসে। এরপর গবাদিপশু পালনই ছিল তার প্রধান আয়ের উৎস। খামারের অধিকাংশ গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।

 

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫০ ● ২২ বার পঠিত