সোমবার ● ২২ জুন ২০২৬

নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

হোম » ঝালকাঠী » নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ
সোমবার ● ২২ জুন ২০২৬


নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)

ঝালকাঠির নলছিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে অনিয়ম, ঘুষ দাবি এবং মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ এবং পরবর্তীতে আদালতে একটি মামলাও দায়ের করেন।

আদালতের নির্দেশনায় মামলার তদন্তের দায়িত্ব নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তদন্তের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদ তদন্ত চলাকালে ভুক্তভোগীর কাছে অবৈধ আর্থিক সুবিধা (ঘুষ) দাবি করেন। তবে ওই দাবি পূরণে অসম্মতি জানালে তিনি নিরপেক্ষ তদন্ত না করে অভিযোগকারীর স্বাক্ষর জাল করে আদালতে অসত্য ও বিতর্কিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে নজরুল ইসলাম দাবি করেন, মিথ্যা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা ন্যায়বিচার প্রাপ্তির পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা আবেদনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সার্ভেয়ার বজলুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৮ ● ২২ বার পঠিত