সোমবার ● ২২ জুন ২০২৬

সবুজায়নে উদ্যোগ কলাপাড়ার ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

হোম » পটুয়াখালী » সবুজায়নে উদ্যোগ কলাপাড়ার ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
সোমবার ● ২২ জুন ২০২৬


কলাপাড়ার ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসে দুটি গাছের চারা রোপণ করেন।

কানাডাপ্রবাসী কলাপাড়ার শিক্ষা পরিবারের সদস্য সাংবাদিক নূরুজ্জামান মামুনের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে কলাপাড়া প্রেসক্লাব ও ‘আমরা কলাপাড়াবাসী’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে এখন থেকেই উদ্বুদ্ধ করা প্রয়োজন বলেও তারা মত দেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, উপজেলার অন্তত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ১০টি করে ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব চারার মধ্যে সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কলাপাড়ার আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩২ ● ২৭ বার পঠিত