রবিবার ● ২১ জুন ২০২৬

দুমকিতে প্রডিউসার গ্রুপের নিবন্ধন বিষয়ে আলোচনা সভা

হোম » পটুয়াখালী » দুমকিতে প্রডিউসার গ্রুপের নিবন্ধন বিষয়ে আলোচনা সভা
রবিবার ● ২১ জুন ২০২৬


দুমকিতে প্রডিউসার গ্রুপের নিবন্ধন বিষয়ে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক গঠিত প্রডিউসার গ্রুপ (পিজি)-এর উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুমকির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন এলাকার খামারি, প্রডিউসার গ্রুপের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএলও) ডা. আশিক হাজরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অশোক হালদার এবং প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আশিক হাজরা বলেন, ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের আওতায় যেসব প্রডিউসার গ্রুপ যুক্ত হবে, তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সহায়তা পাবে। পিজি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে সদস্যদের মাসিক সঞ্চয় ভবিষ্যতে একটি বড় সঞ্চয়ে পরিণত হবে, যা তাদের নতুন উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।

সভায় প্রডিউসার গ্রুপের কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হননি, যা অত্যন্ত দুঃখজনক। যারা অনুপস্থিত রয়েছেন, তাদের বাদ দিয়ে নতুন উদ্যমী সদস্যদের নিবন্ধনের সুযোগ দেওয়া হোক।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রডিউসার গ্রুপভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে নিবন্ধনের মাধ্যমে প্রডিউসার গ্রুপগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করবে, যা সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩২ ● ২৩ বার পঠিত