রবিবার ● ২১ জুন ২০২৬
গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, ঘটনাটি তদন্তাধীন
হোম » লিড নিউজ » গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, ঘটনাটি তদন্তাধীন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালে গ্রেপ্তার এড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে রাশেদ খান মেনন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মৃতের ঘনিষ্ঠজনদের দাবি, রোববার (২১ জুন) দুপুরে কোনো মামলা ছাড়াই কাউনিয়া থানা পুলিশ পশ্চিম কাউনিয়ায় অবস্থিত রাশেদ খান মেননের বাসায় অভিযান চালায়। এ সময় আতঙ্কিত হয়ে তিনি গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বাড়ির পেছনের দেয়াল টপকে পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে রাশেদ খান মেননের মৃত্যু হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, কোনো অভিযান নয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিং পরানো ছিল। তিনি নিজ বাসার ছাদে হাঁটাহাঁটির সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারা গেছেন।
ওসি আরও বলেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে রাশেদ খান মেননের মরদেহ পরিবারের সদস্যরা শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫১ ● ২৭ বার পঠিত
