রবিবার ● ২১ জুন ২০২৬
গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনকে মারধর, হাসপাতালে ভর্তি
হোম » পটুয়াখালী » গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনকে মারধর, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনকে মারধরের ঘটনা ঘটেছে। এতে তারা গুরুতর আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ধলারচর আবাসন প্রকল্প এলাকার মিজানুর রহমানের বাড়িতে। আহতরা হলেন- মিজানুর রহমানের ছেলে মনির হোসেন (২৭) এবং মনির হোসেনের ভাই রাকিব হোসেনের স্ত্রী অন্তঃসত্ত্বা ঝুমুর বেগম (২১)।
আহত মনির হোসেন জানান, ছৈলা গাছের ডাল কাটা নিয়ে শনিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে একই এলাকার চানমিয়া মৃধা, বাবুল হাওলাদার, আশরাফ উদ্দিন দরবেশ, কানটু দরবেশ, রিপন দরবেশ, শাহাবুদ্দিন দরবেশসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর বেগমও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
অন্তঃসত্ত্বা ঝুমুর বেগম বলেন, আমাকে কোনো কিছু না বলেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। একপর্যায়ে আমার জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি এ ঘটনার বিচার চাই।
আহত মনির হোসেনের মা কামরুন নাহার অভিযোগ করে বলেন, তার ছেলে ও ছেলের বউকে পরিকল্পিতভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মনির হোসেনের চাচা জসিম চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে এবং এর সঠিক বিচার হওয়া উচিত।
এদিকে আহতদের মামাতো ভাই খায়রুল ইসলাম দাবি করেন, শে পর্যন্ত পুলিশ পাহারায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মেজবাহউদ্দিন জানান, আহত মনির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম এবং বাম পায়ের গোড়ালিতে সেলাই দেওয়া হয়েছে। অপরদিকে অন্তঃসত্ত্বা ঝুমুর বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সিয়াব হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা বলেন, দুইপক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদে মীমাংসার চেষ্টা করা হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিলন শিকদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আহত ঝুমুর বেগমের স্বামী রাকিব হোসেন জানিয়েছেন, তিনি এ ঘটনায় গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন।
বাংলাদেশ সময়: ১৫:৫০:৫১ ● ২২ বার পঠিত
