রবিবার ● ২১ জুন ২০২৬
বাগেরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত, গাড়ি আটক
হোম » খুলনা » বাগেরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত, গাড়ি আটক
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
খুলনা–মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়ব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত তৈয়ব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে তিনি মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ঘাতক প্রাইভেট কারটি হাইওয়ে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করা হয়েছে এবং মরদেহের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:১৯:০৪ ● ২১ বার পঠিত
