শনিবার ● ২০ জুন ২০২৬

ভোলার মেঘনায় রাজা ইলিশ, ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি

হোম » ভোলা » ভোলার মেঘনায় রাজা ইলিশ, ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি
শনিবার ● ২০ জুন ২০২৬


ভোলার মেঘনায় রাজা ইলিশ, ৮ হাজার ৫০০ টাকায় বিক্রিসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল রাজা ইলিশ। শনিবার (২০ জুন) সকালের দিকে ধরা পড়া এ ইলিশটি পরে নিলামে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

 

স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে কামালসহ কয়েকজন জেলে ইলিশ শিকার করতে গেলে তাদের জালে বিভিন্ন আকারের মাছের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজ ঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে নেওয়া হয়।

 

আড়তে উপস্থিত ব্যবসায়ী ও আড়তদারদের সামনে নিলামে মাছটির ডাক ওঠে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী রাজীব চৌধুরী ৮ হাজার ৫০০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

 

ক্রেতা রাজীব চৌধুরী জানান, ২.৪ কেজি ওজনের এ বড় ইলিশকে সাধারণত ‘রাজা ইলিশ’ বলা হয়। ঢাকার কাওরান বাজারসহ বড় পাইকারি আড়তে এসব বড় ইলিশের চাহিদা ও দাম বেশি থাকে। তিনি জানান, মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হয়েছে এবং সেখানে এটি প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছেন।

 

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নদ-নদী ও বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হওয়ায় বর্তমানে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:১০ ● ২৫ বার পঠিত