শনিবার ● ২০ জুন ২০২৬

নারী বাদীকে নিয়ে কটূক্তি: পাথরঘাটা থানার সেই ওসি ক্লোজড

হোম » বরগুনা » নারী বাদীকে নিয়ে কটূক্তি: পাথরঘাটা থানার সেই ওসি ক্লোজড
শনিবার ● ২০ জুন ২০২৬


নারী বাদীকে নিয়ে কটূক্তি: পাথরঘাটা থানার সেই ওসি ক্লোজডসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

এক নারী বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক এনামকে ক্লোজড করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এম. ফয়সাল (ক্রাইম অ্যান্ড অপস) স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে নারী বাদী ফাতিমা জামাদ্দার অর্পার সঙ্গে ওসি এনামের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

মামলার নথি সূত্রে জানা গেছে, অ্যাসিড-সংক্রান্ত ঘটনায় ফাতিমা জামাদ্দার অর্পা বরগুনার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে বাদশা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ২০ মে ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন।

 

বাদী অর্পার অভিযোগ, আদালতের নির্দেশের পরও মামলা নথিভুক্ত করতে বিলম্ব করা হয়। পরে মামলার প্রধান আসামি বাদশাকে বুধবার রাতে পুলিশ আটক করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। এর পরদিন ওই আসামি তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। হামলার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

অর্পা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে বাদশা তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে গত ১৪ জুন ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি। পরে ব্যক্তিগত নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে তাকে জবাবদিহির মুখে পড়তে হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তিনি সাংবাদিকদের দিয়েছেন।

 

ভাইরাল হওয়া ফোনালাপে ওসি বাদীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার।’ এতে তিনি অপমানিত ও বিব্রত বোধ করেছেন বলে দাবি করেন। এ সময় সেখানে সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবুও উপস্থিত ছিলেন।

 

ফাতিমা জামাদ্দার অর্পা বলেন, ওসিকে ক্লোজ করায় শুধু আমি নই, পাথরঘাটার অনেক মানুষই খুশি হয়েছেন। একজন নারীর সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, সেই বোধ যার নেই, তার দায়িত্বশীল পদে না থাকাই ভালো। আমি বরগুনার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।

 

এ বিষয়ে ওসি মোহাম্মদ এনামুল হক এনামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৮:১২:৩২ ● ৪১ বার পঠিত