শুক্রবার ● ১৯ জুন ২০২৬
বাগেরহাটে সরকারের রাষ্ট্র সংস্কার নিয়ে এনসিপি নেতা নাসির পাটোয়ারীর সমালোচনা
হোম » রাজনীতি » বাগেরহাটে সরকারের রাষ্ট্র সংস্কার নিয়ে এনসিপি নেতা নাসির পাটোয়ারীর সমালোচনা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি। সংস্কার প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। বিএনপি সরকার যদি ৭৫ ভাগ মানুষকে ডিনাই করে, তাহলে তাদের পতন হতেও সময় লাগবে না।’
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।
বাগেরহাট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাগেরহাটে শেখ পরিবারের একটা রাজত্ব ছিল। শেখ পরিবার শেখকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে সিটেও কিছু করেনি।’
এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নাসির উদ্দিন পাটোয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সফর শেষে তিনি বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৮ ● ২৪ বার পঠিত
