শুক্রবার ● ১৯ জুন ২০২৬

মোংলায় ওসির অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ, অভিযোগ অস্বীকার পুলিশের

হোম » খুলনা » মোংলায় ওসির অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ, অভিযোগ অস্বীকার পুলিশের
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


 

মোংলায় ওসির অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ, অভিযোগ অস্বীকার পুলিশের

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অসামাজিক আচরণ, বিএনপি নেতাকর্মীদের হেনস্তা এবং অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোংলা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার রাতে মোংলা পৌর এলাকায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, গত ১৭ জুন রাতে ওসি মো. আতিকুর রহমান মদ্যপ অবস্থায় অসংযত আচরণ করেন। এ সময় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত ও হেনস্তা করেন। এছাড়া, তার বিরুদ্ধে অশোভন আচরণেরও অভিযোগ তোলা হয়।

 

বিএনপি নেতাদের দাবি, ওই সময় ওসি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আওয়ামী লীগ করেছি, আমি ১৭ বছর আওয়ামী লীগ করেছি।’ রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তারা।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তার আসনে বসে এমন অসামাজিক, দলীয় ও চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই ওসির অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

 

বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, পৌর যুবদল নেতা রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

তবে অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।

 

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা মদ্যপান, গালমন্দ বা রাজনৈতিক পরিচয় দেওয়ার সব অভিযোগই ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের নিয়মিত দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলার স্বার্থে কাজ করতে গিয়ে কোনো একটি মহলের স্বার্থে আঘাত লাগায় তারা ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

 

অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৭:৪৩:১৬ ● ৬১ বার পঠিত