শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

হোম » খুলনা » শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত
বুধবার ● ১৭ জুন ২০২৬


শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাটসংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়িচালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা বেগম শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য খুঁচুনি জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জয়মনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সুন্দরবনের নদী-খালে চলাচল এবং মাছ ধরার ক্ষেত্রে জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৬ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ