পটুয়াখালীতে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বুধবার ● ১৭ জুন ২০২৬


পটুয়াখালীতে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেফটি ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে প্রথমে মোহাম্মদ নূহু অসুস্থ হয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে নামলে আশরাফ মোল্লাও ট্যাংকের ভেতরে পড়ে যান। স্থানীয়রা ট্যাংকের অংশ ভেঙে দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা সেফটি ট্যাংক বা অন্য কোনো বদ্ধ স্থানে কাজের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩২:৪১ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ