বুধবার ● ১৭ জুন ২০২৬
বরিশালে ইজিবাইকচালক হত্যা মামলার অভিযুক্তদের বাড়িতে আগুন
হোম » বরিশাল » বরিশালে ইজিবাইকচালক হত্যা মামলার অভিযুক্তদের বাড়িতে আগুন
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে ইজিবাইকচালক নাজমুল মোল্লা হত্যা মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার ও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর উত্তেজিত জনতা অভিযুক্তদের একটি বসতঘরে আগুন দিয়েছে। এতে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল উল ইসলাম জানান, অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে সাইফুল ইসলাম (চন্ডিপুর এলাকার রুস্তম আলীর ছেলে) নামে একজনকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন হরিণাফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, তার স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত ইজিবাইকচালক নাজমুল মোল্লা (২২) ছিলেন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত ১৩ জুন নাজমুল মোল্লা নিখোঁজ হন। পরদিন (১৪ জুন) পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ১৫ জুন সকালে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অপর অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরই উত্তেজিত জনতা মিরাজ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৮:৩০:০৯ ● ১৪ বার পঠিত
