বুধবার ● ১৭ জুন ২০২৬
মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন
হোম » খুলনা » মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ একটি তুলা থেকে সুতা উৎপাদনকারী কারখানায় অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করার সময় মেশিনে পড়ে গোলাম (৩৫) নামের এক শ্রমিকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোংলা ইপিজেড-এর ‘গুয়াং ঝু হুয়া’ নামের ওই কারখানায় দুর্ঘটনার শিকার হন নিয়মিত শ্রমিক গোলাম। তিনি মোংলা চাঁদপাই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত জনবল না থাকায় অল্প শ্রমিক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছিল। ঘটনার দিন ওভারটাইম ডিউটির সময় তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনে আগুন ধরে যায়। আগুন নেভানোর সময় ক্লান্ত অবস্থায় গোলামের ডান হাত মেশিনের ভেতরে ঢুকে গেলে তা বিচ্ছিন্ন হয়ে যায়।
তারা আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পর আহত শ্রমিককে দ্রুত উদ্ধার না করে প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে নেওয়া হয়। এ ধরনের অবহেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সহকর্মীরা জানান, প্রথমে আহত গোলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। বুধবার সকালে তিনি পঙ্গু হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের বরাত অনুযায়ী, বুধবার রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বর্তমানে হাসপাতালে আহত গোলামের বাবা, মা, দুলাভাই এবং কারখানার একজন প্রতিনিধি অবস্থান করছেন।
এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বশার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বৃহস্পতিবার (১৮ জুন) এর মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আহত শ্রমিকের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় কারখানা ও ইপিজেড কর্তৃপক্ষ যৌথভাবে বহন করছে। পাশাপাশি আইন অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কারখানার কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫১:০৪ ● ২১ বার পঠিত
