বুধবার ● ১৭ জুন ২০২৬
মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে পরিচালিত এ বিশেষ অভিযানে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাসমান ও অনিয়ন্ত্রিত ব্যবসায়ীরা বন্দরের ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিদিন তীব্র যানজট, জনদুর্ভোগ এবং চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে পাতারহাট ফায়ার সার্ভিস এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের দুই পাশ দখল হয়ে যাওয়ায় সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
পথচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, কয়েকজন মানুষের ব্যক্তিগত সুবিধার জন্য হাজারো মানুষের চলাচলের পথ বাধাগ্রস্ত হতে পারে না। মেহেন্দিগঞ্জের প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অবৈধভাবে স্থাপনা গড়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং যানজট নিরসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
অভিযানে মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, তহশিলদার, সার্ভেয়ার, কানুনগো, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
উচ্ছেদ অভিযান শেষে দখলমুক্ত ফুটপাত ও সড়ক দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে পাতারহাট বন্দরের শৃঙ্খলা বজায় থাকবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরে প্রশাসনের এ অভিযান জনস্বার্থে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫২ ● ৯০ বার পঠিত
