বরগুনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত

হোম » বরগুনা » বরগুনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬


বরগুনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বরগুনা সদর উপজেলা ব্র্যাক অফিসে ভিশন বাংলাদেশ প্রজেক্ট ও বরগুনা ইসলামী চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।

আয়োজকরা জানান, গরিব, প্রতিবন্ধী, কৃষক, প্রবীণ ব্যক্তি, স্বামী পরিত্যক্তা ও বিধবা নারী এবং শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে অর্ধশতাধিক মানুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং ৯ জন ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এছাড়া নির্বাচিত রোগীদের জন্য স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. রাজ্জাক শেখ, বরগুনা ইসলামী চক্ষু হাসপাতাল ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম বলেন, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ বলেন, ব্র্যাকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা এবং ছানি অপারেশনের ব্যবস্থা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে জনসেবার পরিধি আরও বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১২:১০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ