মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

পিরোজপুরে স্কুলছাত্রীর ছবি ছড়িয়ে পড়ার পর আত্মহত্যা

হোম » পিরোজপুর » পিরোজপুরে স্কুলছাত্রীর ছবি ছড়িয়ে পড়ার পর আত্মহত্যা
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


পিরোজপুরে স্কুলছাত্রীর ছবি ছড়িয়ে পড়ার পর আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের জিয়ানগরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় সুমাইয়া আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী সালমানের সঙ্গে সুমাইয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সিয়াম নামের এক যুবকের মোবাইল ফোনে সংরক্ষিত ছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সিয়াম ছবিগুলো রিয়াজ নামের আরেক যুবককে দেখালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয় এবং সিয়াম ও রিয়াজসহ কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনার পর পরিবার সামাজিকভাবে বিব্রত অবস্থায় পড়ে এবং বিষয়টি নিয়ে বাড়িতে তর্ক-বিতর্ক হয়। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর বাবা মো. মামুন শেখ মেয়েকে শাসন করলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।

একপর্যায়ে সুমাইয়া ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. মামুন শেখ বলেন, মেয়েকে একটি বিষয়ে নিষেধ করার পর সে অভিমান করে বিষাক্ত ওষুধ পান করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৭ ● ২৭ বার পঠিত