মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

পিরোজপুরে শিক্ষককে ঘিরে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

হোম » পিরোজপুর » পিরোজপুরে শিক্ষককে ঘিরে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


পিরোজপুরে শিক্ষককে ঘিরে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষক করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এর দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানি করেন। পরে গত ২২ মে প্রাইভেট শেষে বাড়ি ফিরে ওই ছাত্রী ঘটনাটি তার বাবাকে জানান।

এ ঘটনার পর ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠান। অভিযোগ জানানো হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযোগের তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নেন করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বলেন, আমার মেয়ের নিরাপত্তা ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২ ● ৭৭ বার পঠিত