বাবুগঞ্জে গণপিটুনির শিকার বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত

হোম » বরিশাল » বাবুগঞ্জে গণপিটুনির শিকার বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


বাবুগঞ্জে গণপিটুনির শিকার বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর বিএনপির দুই নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান (ওরফে জাকির মোল্লা) এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই নেতা। চাঁদা দাবি করা হয় বালু ব্যবসা পরিচালনার অনুমতির বিষয়টি কেন্দ্র করে।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। একপর্যায়ে বালু ব্যবসায়ী জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে নির্ধারিত স্থানে আসতে বলেন। পরে তিনি সহযোগীসহ সেখানে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে আটক করে। পরে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না-এ মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এছাড়া জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

ভুক্তভোগীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৬:১১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ