
সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখায় তীব্র নগদ অর্থ সংকট দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে শত শত গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাংকে নতুন আমানত জমা কমে যাওয়া এবং বিপুল সংখ্যক গ্রাহকের একযোগে টাকা উত্তোলনের চেষ্টায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুন) সরেজমিনে ভাণ্ডারিয়া শাখায় গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় অর্থ তুলতে না পেরে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করছেন। সংকট মোকাবিলায় ব্যাংক কর্তৃপক্ষ সীমিত আকারে গ্রাহকদের টাকা প্রদান করছে।
গ্রাহক লিটন মোল্লা জানান, তিনি নিজের হিসাব থেকে এক লাখ টাকা তুলতে ব্যাংকে এসেছিলেন। কিন্তু তাকে মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
একই অভিযোগ করেন আরেক গ্রাহক মো. মিরাজ। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ তুলতে না পারায় বিভিন্ন কাজে সমস্যার মুখে পড়েছেন।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মো. মিঠু কবিরাজ জানান, তার বন্ধু সোহাগের হিসাব থেকে একটি ভেকু (খননযন্ত্র) কেনার জন্য ১০ লাখ টাকা উত্তোলনের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ওই পরিমাণ অর্থ দিতে পারেনি। এতে তাদের ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. মজিবুর রহমান অর্থ সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রাহকরা নতুন করে টাকা জমা দিচ্ছেন না। বরং অনেকে একসঙ্গে তাদের জমাকৃত অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে সাময়িকভাবে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান সংক্রান্ত যে সমস্যা ছিল, নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে তার সমাধান হয়েছে। প্রধান কার্যালয়ের ইতিবাচক পরিস্থিতির কারণে আগামী ১০ দিনের মধ্যে ভাণ্ডারিয়া শাখার লেনদেন স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে তাদের আর্থিক কার্যক্রম ও দৈনন্দিন লেনদেনে আরও ভোগান্তি সৃষ্টি হতে পারে।
এসই/এমআর