সোমবার ● ১৫ জুন ২০২৬
গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ
হোম » বরিশাল » গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপ্রাপ্তদের মধ্যে ছিলেন দৈনিক যায়যায়দিনের গৌরনদী প্রতিনিধি মো. মোস্তফা হাওলাদার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা ১৩ জুন শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, এস.এস. আল আরেফিন এবং খোন্দকার কাওছার হোসেন সাংবাদিকদের এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. জহুরুল ইসলাম জহির এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস. এম. জুলফিকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম. আলম। পরে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ ও আমেনা আক্তার সোমা।
গৌরনদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। সাংবাদিক সৈয়দ নকিবুল হক।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো তথ্যের সত্যতা নিশ্চিত করা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও মো. ইব্রাহিম প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় দৈনিক যায়যায়দিনের গৌরনদী প্রতিনিধি মো. মোস্তফা হাওলাদারসহ অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব সাংবাদিকতায় প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
সনদপ্রাপ্ত সাংবাদিকরা জানান, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান তাদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং নির্ভুল সংবাদ পরিবেশনে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতা যোগ করবে। ফলে পাঠকরা আরও নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ পাবেন।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২২:৫৭:১০ ● ২৩ বার পঠিত
