দশমিনায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

হোম » পটুয়াখালী » দশমিনায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ
সোমবার ● ১৫ জুন ২০২৬


দশমিনায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নম্বর রনগোপালদী ইউনিয়নে জেলেদের চাল বিতরণসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রনগোপালদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক। তবে ইউনিয়ন পরিষদের কোনো কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল।

লিখিত অভিযোগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রনগোপালদী ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে প্রশাসক মো. মনিরুল হক ও প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার ভিডিওও কয়েকজন উপস্থিত ব্যক্তি ধারণ করেন।

লিখিত অভিযোগে প্রশাসক মো. মনিরুল হক উল্লেখ করেন, গত ১৪ মে রনগোপালদী ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল তাকে অসহযোগিতা করে আসছেন। ইউনিয়ন পরিষদ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তিনি বিভিন্ন সময় হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল বলেন, প্রশাসক মনিরুল হক দায়িত্ব পাওয়ার পর থেকেই ২-৩ জন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে নিজের ইচ্ছামতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাচ্ছেন, যা অধিকাংশ ইউপি সদস্য মেনে নিচ্ছেন না। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদ থেকে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাই রনগোপালদী ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষে আমি কথা বলেছি। আমরাও এসব বিষয়ে প্রশাসক মনিরুল হকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি রনগোপালদী ইউনিয়নের প্রশাসক আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মৃধা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৬ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ