সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে আমতলীতে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক

হোম » বরগুনা » সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে আমতলীতে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
সোমবার ● ১৫ জুন ২০২৬


সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ড এবং বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিয়া সুলতানা (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক জাকিয়া সুলতানা আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা এলাকার লতিফ মাদবরের মেয়ে।

জানা গেছে, জাকিয়া সুলতানা দীর্ঘদিন ধরে নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি গভীর নলকূপ স্থাপন, ফ্যামিলি কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন।

অভিযোগ রয়েছে, গত এক বছরে তিনি বিভিন্ন প্রলোভনের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

প্রতারণার শিকার জসিম মিয়া, রুস্তম মৃধা, ফিরোজা বেগম, নুরজাহান বেগম, মাহফুজা বেগম, পরিভানু, রোজিনা ও শাহিনুর বেগমসহ একাধিক ভুক্তভোগী জানান, গত এক বছরে বিভিন্ন সময়ে টাকা নেওয়ার পরও জাকিয়া সুলতানা তাদের প্রতিশ্রুত কোনো সুবিধা পাইয়ে দিতে পারেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন এবং সম্প্রতি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় জসিম মিয়াসহ ১০ জন ভুক্তভোগী আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বরগুনা সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জাকিয়া সুলতানাকে বরগুনা সদর উপজেলা থেকে আটক করা হয়েছে। তাকে আমতলী থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৩:০৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ