রবিবার ● ১৪ জুন ২০২৬

নলছিটিতে উন্নয়ন বঞ্চিত ৫৫ বছরের হয়বৎপুর তৌকাঠি মাদরাসা

হোম » ঝালকাঠী » নলছিটিতে উন্নয়ন বঞ্চিত ৫৫ বছরের হয়বৎপুর তৌকাঠি মাদরাসা
রবিবার ● ১৪ জুন ২০২৬


নলছিটিতে উন্নয়ন বঞ্চিত ৫৫ বছরের হয়বৎপুর তৌকাঠি মাদরাসা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠীর নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদরাসা প্রতিষ্ঠার ৫৫ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এলাকার শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসলেও অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও মাদরাসাটির সার্বিক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নানা সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ মাদরাসা থেকে শিক্ষাগ্রহণ করে বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। প্রতিবছর দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করলেও প্রতিষ্ঠানটির ভাগ্যে বড় কোনো উন্নয়ন প্রকল্প জোটেনি।

মাদরাসা সংশ্লিষ্টদের ভাষ্য, শ্রেণিকক্ষ সংকট, পুরোনো ভবন, আধুনিক ল্যাব সুবিধার অভাব, পর্যাপ্ত আসবাবপত্রের সংকট এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ঘাটতি দীর্ঘদিনের সমস্যা হয়ে রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের বিভিন্ন স্থানে পানি চুইয়ে পড়ে। পাশাপাশি খেলার মাঠের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ে।

স্থানীয় অভিভাবকদের মতে, শিক্ষার ফলাফল ভালো হলেও উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সবসময় উপেক্ষিত থেকেছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন, ডিজিটাল ল্যাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু হলেও এ মাদরাসা এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।

একাধিক এলাকাবাসী বলেন, এই মাদরাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে ভালো ফলাফল অর্জন করলেও কোনো সরকারই মাদরাসাটির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। আমরা দ্রুত নতুন একাডেমিক ভবন, সীমানাপ্রাচীর, খেলার মাঠ উন্নয়ন এবং আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্থা চাই।

মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার মান ধরে রাখতে হলে দ্রুত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় ভবিষ্যতে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের আগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে।

মাদরাসার সুপার মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঝালকাঠী-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো উন্নয়ন বাস্তবায়িত হয়নি।

সহকারী সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস বলেন, ঝালকাঠী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আমাকে আশ্বস্ত করেছেন যে, হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদরাসার একাডেমিক ভবনের উন্নয়নের মাধ্যমে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, স্বাধীনতার বছর প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়নের মূলধারায় আনতে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদরাসার উন্নয়নে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২০:১২ ● ২৬ বার পঠিত