শনিবার ● ১৩ জুন ২০২৬

পাথরঘাটায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্ত্রীর

হোম » বরগুনা » পাথরঘাটায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্ত্রীর
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

পাথরঘাটায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্ত্রীর

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

 

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালকের মরদেহ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের স্ত্রী পারভীন জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন মিজানুর রহমান। এরপর তিনি একটি কক্ষে ঘুমাতে যান। অন্য কক্ষে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন পারভীন। সকালে স্থানীয়রা তাকে ডেকে স্বামীর হত্যার খবর জানান।

 

পারভীন বলেন, রাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমার স্বামী বাইরে চার্জে রাখা অটোরিকশাটি মাঝেমধ্যে রাতে গিয়ে দেখতেন। যে স্থানে অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল, তার প্রায় ১০ গজ দূরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

 

পাথরঘাটা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,  এটি একটি হত্যাকাণ্ড হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০:৩২:৪২ ● ১২৭ বার পঠিত