শুক্রবার ● ১২ জুন ২০২৬

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিকের ভোলায় দাফন

হোম » ভোলা » বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিকের ভোলায় দাফন
শুক্রবার ● ১২ জুন ২০২৬


বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিকের ভোলায় দাফন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাঁদের মৃত্যুতে দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী হাওলাদার বাড়ির হজরত আলীর ছেলে মো. সাকিব (২২) এবং আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী মাতব্বরের ছেলে মোহাম্মদ কামরুল হাসান (৩৫)।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল পৌনে ১১টার দিকে বান্দরবান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। সাকিব ও কামরুল মাচার ওপর দাঁড়িয়ে ভবনের পলেস্তারার কাজ করছিলেন। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে নির্মাণসামগ্রী ওপরে তোলা হচ্ছিল। একপর্যায়ে পাত্রটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী সাংবাদিকদের জানান, দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাঁদের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে সহকর্মী মঈন উদ্দিন সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় বলেন, শ্রমিকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৬ ● ২৮ বার পঠিত