বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
বাগেরহাটে কোস্ট গার্ড স্টেশনে হামলা, আহত কয়েকজন
হোম » লিড নিউজ » বাগেরহাটে কোস্ট গার্ড স্টেশনে হামলা, আহত কয়েকজন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে এলাকাবাসীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাগরকন্যাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভিযান চলছে।
তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও অপপ্রচার চালাচ্ছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম বাধাগ্রস্ত করাই এসব অপতৎপরতার লক্ষ্য।
তবে এলাকাবাসীর দাবি, মিরাজ শেখ নামের একজন প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজে তার মা ও স্ত্রী কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৪৬ ● ১৩ বার পঠিত
