বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে জিয়ানগরে বাউন্ডারি ওয়াল নির্মাণ

হোম » পিরোজপুর » আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে জিয়ানগরে বাউন্ডারি ওয়াল নির্মাণ
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে জিয়ানগরে বাউন্ডারি ওয়াল নির্মাণসাগরকন্যা প্রতিবেদক,জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

 

মামলার নথি সূত্রে জানা গেছে, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে পিরোজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং-২২৭/২০২২ দায়ের করা হয়। মামলায় বাদীপক্ষের আবেদনের পর আদালত তফসিলভুক্ত জমিতে কোনো ধরনের দখল পরিবর্তন, নির্মাণকাজ বা হস্তক্ষেপ না করার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়।

 

অভিযোগে বলা হয়েছে, আদালতের ওই আদেশ বহাল থাকা অবস্থায় আবু হানিফ সিপাইসহ কয়েকজন ব্যক্তি সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। এতে বাদীপক্ষের দাবি করা জমির দখল ও স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগী আজিম সিপাই বলেন, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আদালতের আদেশ অমান্যের বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

 

তিনি আরও জানান, এ ঘটনায় পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিআর নং-০৬/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবু হানিফ সিপাই বলেন, জমিটি আমাদের দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি। আমরা আদালতের কোনো আদেশ অমান্য করিনি। আদালতের অনুমতি নিয়েই কাজ করছি।

 

যদিও আদালতের অনুমতির পক্ষে কোনো লিখিত আদেশ বা নথিপত্র দেখাতে পারেননি বলে দাবি করেছেন বাদীপক্ষ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

 

এ বিষয়ে আইন সংশ্লিষ্টদের মতে, আদালতের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় নির্মাণকাজ বা দখল পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৮ ● ২৭ বার পঠিত