বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬

বাউফলে হিন্দু পরিবারকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » পটুয়াখালী » বাউফলে হিন্দু পরিবারকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


বাউফলে হিন্দু পরিবারকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি, মিথ্যা মামলার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে মোসা. সাথী আক্তার (২৮) নামে এক নারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া সিনেমা হল রোড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এসব অভিযোগ তুলে ধরে।

 

সংবাদ সম্মেলনে কালাইয়া গ্রামের বাসিন্দা মধুসূদন দাসের ছেলে আশিষ দাস লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, সাথী আক্তার দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। একই সঙ্গে তিনি অর্থ দাবি এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।

 

আশিষ দাসের দাবি, ২০২৩ সালে তার বড় ভাই উত্তম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন সাথী আক্তার। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি প্রত্যাহার করা হয়। এরপর ভবিষ্যতে আর হয়রানি করবেন না বলে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গীকারনামাও দেন বলে দাবি করা হয়।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৫ জুন রাতে আশিষ দাসের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাথী আক্তার অর্থ দাবি করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।

 

মধুসূদন দাস অভিযোগ করেন, তার পরিবারকে একটি পক্ষ ব্যবহার করে মামলার বিচার প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তিনি বলেন, আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কে রয়েছে। বারবার হুমকি ও অর্থ দাবির কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাথী আক্তার সাংবাদিকদের বলেন, উত্তম দাসের সঙ্গে তার ১৪ বছরের সম্পর্ক ছিল। তার ভাষায়, সম্পর্ক চলাকালীন আমার জন্য খরচ করেছে। এখন করছে না। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৪ ● ২৬ বার পঠিত