বুধবার ● ১০ জুন ২০২৬

গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

হোম » লিড নিউজ » গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট
বুধবার ● ১০ জুন ২০২৬


 

গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

গলাচিপা পৌর এলাকার সদর রোডসহ তিনটি স্থানে একযোগে চারটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) ভোররাতে শাটার ভেঙে এসব দোকান থেকে নগদ টাকা ও কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

চুরির শিকার দোকানগুলো হলো- সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।

 

প্রিয়াংকা বস্ত্রালয়ের মালিক ববিতা রাণী জানান, সকালে দোকান খুলতে এসে তারা শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায় কাপড় এলোমেলো পড়ে আছে এবং থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।

 

দোকান কর্মচারী আনন্দ দেবনাথ বলেন, ‘লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও কাপড়সহ মালামাল নিয়ে যাচ্ছে। পরে কয়েকজনকে ব্যাগ ও টুকরি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

 

এ ঘটনায় দোকান মালিক ববিতা রাণী গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ২০:০৩:২৬ ● ২৫ বার পঠিত