বুধবার ● ১০ জুন ২০২৬
মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপর
মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে একটি কাঁচামালবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া উপজেলা ও পার্শ্ববর্তী জেলা বরগুনার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১০ জুন) ভোররাতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামালবোঝাই ট্রাক অতিরিক্ত মাল নিয়ে বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে ট্রাকটি সরাসরি খালে পড়ে যায়। ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ব্রিজ ভেঙে পড়ার কারণে পিরোজপুর, মঠবাড়িয়া ও বরগুনার মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাস ও পণ্যবাহী শত শত যানবাহন সড়কের দুই পাশে আটকে পড়ে। স্থানীয়রা পায়ে হেঁটে বা ঝুঁকিপূর্ণ বিকল্প পথে পারাপার করছেন।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার ও বেইলি ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সড়ক যোগাযোগ পুরোপুরি চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময় জানাতে পারেননি।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৭:২৪ ● ২৯ বার পঠিত
