বুধবার ● ১০ জুন ২০২৬
ফকিরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলা কেটে হত্যা, আহত বিএনপি নেতা
হোম » খুলনা » ফকিরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলা কেটে হত্যা, আহত বিএনপি নেতা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দলের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত বাদল মোড়ল (৪০) আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আব্দুল্লাহ মোড়ল (৪২) একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ফকিরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশ্যে রওনা হন। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাদল মোড়লকে গলা কেটে হত্যা করে এবং আব্দুল্লাহ মোড়লকে গুরুতর আহত করে।
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৩:০৩:৪০ ● ৯৩ বার পঠিত
