মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
দশমিনায় কীটনাশক পান করে যুবকের মৃত্যু
হোম » পটুয়াখালী » দশমিনায় কীটনাশক পান করে যুবকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় কীটনাশক পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী সেতু এলাকায় তার মৃত্যু হয়। উপজেলার আলীপুরা ইউনিয়নের নয়াভাঙ্গলী এলাকার হাওলাদার বাড়ির মো. সোহান হাওলাদার নামে কীটনাশক পান করে আত্মহত্যা করা ওই যুবকের পরিবারের দাবি, দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভর্তি দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এম্বুলেন্সে করে নেওয়ার পথে সোমবার একই দিন রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী সেতু এলাকায় তার মৃত্যু হয়।
পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোহান হাম রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি কীটনাশক পান করেন।
ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। পরিবারের দাবি, একা থাকার সুযোগে তিনি কীটনাশক পান করেন।
আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস হোসেন (রবিউল) জানান, সোহান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণের তথ্য পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৭ ● ১৯ বার পঠিত
